ইউটিউবে নিয়মিত নগদ অর্থ, সোনা ও হীরার গয়না প্রদর্শন করতেন ভারতের তামিলনাড়ুর জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মধুমিতা। কিন্তু তার সেই বিলাসী জীবনের প্রদর্শনই এবার চোরদের নজরে এনেছে বলে ধারণা করছে পুলিশ। কন্যাকুমারীর নাগেরকোয়েলের বাড়ি থেকে প্রায় এক কোটি রুপির স্বর্ণালংকার, হীরার গয়না ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ জানায়, নাগেরকোয়েলের ভিআইপি গার্ডেন এলাকায় মধুমিতার পারিবারিক বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চার লাখ ৫০ হাজারের বেশি অনুসারী থাকা এই ইনফ্লুয়েন্সারের বাড়ি থেকে প্রায় ১২০ ভরি সোনা ও হীরার গয়না এবং নগদ ৫০ হাজার রুপি চুরি হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা করতে বাইরে যান মধুমিতা। এ সময় বাড়িটি ফাঁকা থাকার সুযোগ নেয় চোরের দল। তারা বাড়িতে ঢুকে লকার ভেঙে স্বর্ণালংকার, হীরার গয়না ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।
কেনাকাটা শেষে বাড়ি ফিরে পরিবারের সদস্যরা লকার ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে থাকা মূল্যবান সামগ্রী ও নগদ অর্থ না থাকায় বিষয়টি বুঝতে পারেন তারা।

চুরির তদন্তে মধুমিতার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও ভিডিওকেও গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, তার প্রকাশ করা বিভিন্ন ভিডিও ও রিলের মাধ্যমে চোরেরা হয়তো বাড়িতে মূল্যবান সামগ্রী থাকার বিষয়টি জানতে পেরেছিল।
মধুমিতার বিভিন্ন ভিডিওতে নগদ অর্থের বান্ডিল, সোনার গয়না ও হীরার অলংকার প্রদর্শন করতে দেখা গেছে। এমনকি একটি ভিডিওতে শিশুর গায়ে নগদ রুপি ছিটানোর দৃশ্যও ছিল। এসব কনটেন্ট চোরদের বাড়ি সম্পর্কে তথ্য পেতে বা চুরির পরিকল্পনা করতে কোনোভাবে সহায়তা করেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া সম্পদ উদ্ধারের লক্ষ্যে পুলিশ পাঁচটি বিশেষ তদন্ত দল গঠন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন দিক থেকে তদন্ত চালানো হচ্ছে।
