এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শীর্ষস্থান দখল করেছে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ১১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১১৫ জন। এর মধ্যে ১৯ জন পেয়েছে এ-প্লাস। এ সাফল্যে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নেছারাবাদ উপজেলা থেকে জেনারেল শাখায় বিদ্যালয়টির ১১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১১৫ জন কৃতকার্য হয়েছে। ফলাফলে ১৯টি এ-প্লাস, ৫০টি এ এবং ২৫টি এ-মাইনাস অর্জিত হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ৯৮ দশমিক ২৯ শতাংশ।
বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও দেখা দিয়েছে উচ্ছ্বাস। দীর্ঘদিন ধরে উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের সুনাম ধরে রেখেছে। এবারের ফলাফল সেই গৌরবকে আরও উজ্জ্বল করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আরাবী বলেন, “ভালো ফলাফল করতে হলে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে এবং বাবা-মায়ের আদেশ-নিষেধ মেনে চলতে হবে। সর্বোপরি ভালো ফলাফল অর্জনের জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই।” ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে আরাবী বলেন, “শিক্ষাজীবন শেষ করে কী হব, এখনো জানি না। তবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে চাই।”
বিদ্যালয়ের আরেক মেধাবী শিক্ষার্থী জানায়, তার সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও চমৎকার দিকনির্দেশনাও তাকে ভালো ফলাফল করতে সহায়তা করেছে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইমাম সিকদার বলেন, “আমাদের বিদ্যালয় যেমন ফলাফলে উপজেলার শীর্ষে, তেমনি খেলাধুলাতেও উপজেলার শীর্ষস্থান ধরে রেখেছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। আমরা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে কাজ করা হচ্ছে।”
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, এবারের সাফল্যকে ভিত্তি করে আরও এগিয়ে যাবে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। উপজেলার সেরা হওয়ার গণ্ডি পেরিয়ে একদিন বরিশাল শিক্ষা বোর্ডের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নেবে ঐতিহ্যবাহী এই বিদ্যালয়। এমন স্বপ্নই এখন শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার।
