ফেনী ন্যাশনাল কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।
ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের পরিচালক মনির চৌধুরী।
ফেনী ন্যাশনাল কলেজের কো-অর্ডিনেটর (প্রশাসন ও শিক্ষা) নজরুল বিন মাহমুদুলনের সঞ্চালনায় অনুষ্ঠানে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে বক্তব্য দেন পরীক্ষা কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের প্রভাষক তাসনিম আহমেদ। এ ছাড়া পাঠদান, পড়াশোনার অগ্রগতি এবং অন্যান্য একাডেমিক বিষয় নিয়ে আলোচনা করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমুল আবেদীন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা, অভিভাবকদের সঙ্গে প্রতিষ্ঠানের নিয়মিত যোগাযোগ বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
