ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন জোড়া লাগা জমজ দুই বোন মোছাম্মৎ জয়নব ও মোছাম্মৎ উম্মে কুলসুমের মৃত্যু হয়েছে। তিন মাস বয়সী শিশু দুটির মৃত্যু বুধবার (১২ আগস্ট) বিকেলে হয়।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু দুটির হার্ট ছিল একটি এবং সেটিও ফুটো ছিল। এ কারণে তাদের বাঁচানো সম্ভব হয়নি। পরে পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যান।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া গ্রামের নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির সন্তান ছিল জয়নব ও উম্মে কুলসুম। গত ৪ মে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাদের জন্ম হয়। জন্মের পর থেকেই বুক থেকে পেট পর্যন্ত তারা জোড়া লাগানো অবস্থায় ছিল।
আর্থিক সংকটের কারণে একপর্যায়ে শিশু দুটির চিকিৎসা বন্ধ হয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাদের চিকিৎসার ব্যয়ভার বহনের নির্দেশ দেন। এরপর ৯ আগস্ট তাদের ঢাকায় আনার ব্যবস্থা করা হয় এবং পরদিন ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা শিশু দুটিকে আলাদা করার সম্ভাবনা যাচাই করতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে চিকিৎসা পরিকল্পনার কথাও জানানো হয়েছিল। প্রয়োজনে বিদেশ থেকে বিশেষজ্ঞ আনার উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুরই মৃত্যু হয়।
শিশু দুটির বাবা নাহিদ হাসান বলেন, চিকিৎসার সব দায়িত্ব নেওয়ায় তারা আশা নিয়ে ঢাকায় এসেছিলেন। চিকিৎসকরাও সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে শেষ পর্যন্ত সন্তান দুটিকে হারাতে হয়েছে।
