BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ব্রিকসের উত্থানে পশ্চিমাদের নেতৃত্ব হারানোর শঙ্কা, যা বললেন পুতিন

হারানো বৈশ্বিক নেতৃত্ব ফিরে পেতে পশ্চিমা দেশগুলো যেকোনো উপায়, এমনকি অনৈতিক পন্থাও অবলম্বন করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ব্রিকস বিজনেস ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন চলছে উল্লেখ করে পুতিন বলেন, পুরোনো নেতৃত্বের জায়গা দখল করে নিচ্ছে নতুন নতুন প্রবৃদ্ধির কেন্দ্র। আর এই পরিবর্তনের মধ্যেই পশ্চিমা প্রতিদ্বন্দ্বীরা নিজেদের হারানো বৈশ্বিক নেতৃত্ব পুনরুদ্ধারের চেষ্টা করছে।

পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে পুতিন অভিযোগ করেন, শিল্প ও সরবরাহ অবকাঠামোয় সরাসরি আঘাত, পাইপলাইন ধ্বংস, আন্তর্জাতিক পরিবহন করিডর আটকে দেওয়া, সমুদ্রগামী জাহাজ জব্দ এবং নিজেদের স্বার্থ অনুযায়ী কাজ না করা দেশগুলোর ওপর ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’র হুমকির মতো বিভিন্ন পন্থা ব্যবহার করা হচ্ছে।

ব্রিকসের অগ্রগতির কথা তুলে ধরে পুতিন বলেন, গত পাঁচ বছরে বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের ৪০ শতাংশের বেশি এসেছে ব্রিকসভুক্ত দেশগুলো থেকে। একই সময়ে জি৭-এর অবদান ছিল ২৯ শতাংশ। বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রায় অর্ধেকও এসেছে ব্রিকস সদস্যদের কাছ থেকে, যেখানে জি৭-এর অবদান ছিল মাত্র ১৮ শতাংশ।

পুতিন জানান, বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা ব্রিকস দেশগুলোতে বসবাস করে। এসব দেশের অভ্যন্তরীণ বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোও বৈশ্বিক পর্যায়ে নিজেদের অবস্থান শক্তিশালী করছে বলে দাবি করেন তিনি।

রুশ প্রেসিডেন্টের ভাষ্য, ব্রিকসের দেশগুলোর মধ্যে শক্তিশালী ও নির্ভরযোগ্য ব্যবসায়িক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করছে। এর ফলে বিশ্ব আরও স্থিতিশীল এবং বিভিন্ন সংকট মোকাবিলায় সক্ষম হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।

রাশিয়ার ওপর ৩০ হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দাবি করে পুতিন বলেন, এটি বিশ্বের অন্যান্য দেশগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞার মোট সংখ্যার প্রায় দ্বিগুণ। তবে এসব নিষেধাজ্ঞার মধ্যেও মস্কো তার জাতীয় সার্বভৌমত্ব আরও শক্তিশালী করেছে এবং নির্ভরযোগ্য ও পূর্বানুমানযোগ্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে বলে দাবি করেন তিনি।

গত চার বছরে রাশিয়ার বৈদেশিক বাণিজ্যের ভৌগোলিক পরিধিতেও বড় ধরনের পরিবর্তন এসেছে বলে জানান পুতিন। তার দাবি, গত তিন বছরে রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি বৈশ্বিক গড়ের চেয়ে বেশি ছিল।

তিনি বলেন, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে রাশিয়ার জিডিপি ১০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তনের ফলে রাশিয়ার অর্থনীতি আরও শক্তিশালী, স্থিতিস্থাপক ও গতিশীল হয়েছে বলেও দাবি করেন তিনি।

পুতিন আরও বলেন, ব্রিকস দেশগুলোর শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তিকে আরও দৃঢ় ও স্থিতিশীল করছে। পাশাপাশি ব্রিকসের নতুন বিনিয়োগ প্ল্যাটফর্ম গঠনে রাশিয়ার উদ্যোগ অন্যান্য সদস্য দেশগুলো সমর্থন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -