পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে আগামী তিন বছরে দেশে ১ হাজারটি বৈদ্যুতিক বাস (ইভি) আমদানির পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে রাজধানী ঢাকায় চলবে ২০০টি এবং ঢাকার বাইরের বিভিন্ন রুটে চলবে বাকি ৮০০টি বাস। বায়ুদূষণ কমানো, প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বাসের বহরে নারীদের জন্য বিশেষ গোলাপি বাসও রাখা হচ্ছে।
সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
সচিব জানান, রাজধানীর গণপরিবহন সেবার মান উন্নয়নে প্রাথমিকভাবে ২০০টি বৈদ্যুতিক বাসের বহর গড়ে তোলা হবে। প্রথম পর্যায়ে ৫০টি বাস এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ১০০টি বাস দেশে পৌঁছানোর আশা করা হচ্ছে। এসব বাসের নিরবচ্ছিন্ন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে ঢাকায় প্রয়োজনীয় কারিগরি সুবিধা এবং জায়গা বরাদ্দের পরিকল্পনাও রয়েছে সরকারের।
পরিকল্পনা অনুযায়ী, ঢাকার জন্য নির্ধারিত বাসগুলোর মধ্যে ৫০টি হবে গোলাপি রঙের বিশেষ বাস। এসব বাস শুধু নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের জন্য সংরক্ষিত থাকবে। অন্যদিকে, ৫০টি লাল রঙের সাধারণ বাসে নারী ও পুরুষ উভয় যাত্রী চলাচল করতে পারবেন।
বাসগুলোর আকারেও থাকবে ভিন্নতা। নারীদের জন্য নির্ধারিত গোলাপি বাসগুলোর দৈর্ঘ্য হবে ৯ মিটার এবং সাধারণ লাল বাসগুলোর দৈর্ঘ্য হবে ১২ মিটার। তবে বাসের অভ্যন্তরীণ বিন্যাসের ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে আসনসংখ্যা চূড়ান্ত করা হবে।
এদিকে, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন রুটে নারী চালক পরিচালিত পিংক বাস ইতোমধ্যে চালু হয়েছে। এই সেবাকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করতে এবার শীতাতপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিক পিংক বাস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
বিআরটিসির জেনারেল ম্যানেজার (আইসিটিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতিমা বেগম জানান, এসব বাস পরিচালনার জন্য হালকা যানবাহনের লাইসেন্সধারী নারী চালকদের বিনামূল্যে ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ হবে এক থেকে চার মাস। খুব শিগগিরই এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, পিংক বাস সার্ভিসের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়, বরং নারীদের জন্য নিরাপদ যাতায়াতের পরিবেশ নিশ্চিত করা। নারী চালক ও সহকারীদের মাধ্যমে পরিচালিত বাসে নারী যাত্রীরা তুলনামূলক বেশি নিরাপদ বোধ করেন। বিভিন্ন জরিপেও নারী চালকদের অধিক সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর বিষয়টি উঠে এসেছে। বর্তমানে রক্ষণশীল পরিবারের সদস্যরাও নারীদের গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে উৎসাহিত করছেন।
অন্যদিকে, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ রোড সেফটি প্রকল্প এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় নতুন চালকদের বিনামূল্যে হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বিআরটিসির মাধ্যমে পরিচালিত এসব প্রকল্পে প্রায় ৬৮ হাজার দক্ষ চালক তৈরির লক্ষ্য রয়েছে। এর ফলে তরুণ ও নারীদের দেশে-বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
বিআরটিসির গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক মুহাম্মদ মাসিউজ্জামান জানান, ভারী যানবাহনের প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে সফলভাবে উত্তীর্ণদের বিধি অনুযায়ী দৈনিক মজুরির ভিত্তিতে চালক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে বিআরটিসিতে স্থায়ী চালক নিয়োগের ক্ষেত্রেও প্রশিক্ষণপ্রাপ্ত নারী চালকদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।
