জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামীকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু অর্থায়ন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণকারী দেশগুলোর দায়বদ্ধতার বিষয়গুলো তুলে ধরবেন তিনি। সফরকালে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
পররাষ্ট্র সচিব জানান, আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, অর্থায়নের প্রয়োজনীয়তা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশের অগ্রাধিকারগুলো তুলে ধরা হবে।
তিনি বলেন, জলবায়ু সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বৃদ্ধি, পর্যাপ্ত আন্তর্জাতিক অর্থায়ন এবং কার্বন নিঃসরণকারী দেশগুলোর দায়িত্ব ও দায়বদ্ধতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হবে।
প্রধানমন্ত্রীর এই সফরে বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকেরও পরিকল্পনা রয়েছে। এসব বৈঠকে পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক এবং কূটনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রেও সফরটি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও প্রতিনিধিরা।
এদিকে, কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের অন্যতম লক্ষ্য থাকবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন বাস্তবায়নের বিষয়টি বিশ্বনেতাদের সামনে তুলে ধরা।
