চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চাঁদপুর শহরের ছায়াবাণী রেলক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে ছায়াবাণী রেলক্রসিং পার হয়ে কিছুটা পূর্ব দিকে পৌঁছালে ওই শিক্ষার্থী ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরে নিহতের কাছে থাকা চাঁদপুর বিষ্ণুদী মডেল সিনিয়র মাদরাসার পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
পরিচয়পত্র অনুযায়ী, নিহত তায়েবা আক্তার ওই মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম তাজুল ইসলাম এবং মায়ের নাম আমেনা বেগম। পরিচয়পত্রে তার রক্তের গ্রুপ ‘O+’ এবং জন্মতারিখ ২৪ জুলাই ২০১২ উল্লেখ রয়েছে।
তবে দুর্ঘটনার সময় তিনি কেন রেললাইনে ছিলেন এবং কীভাবে ট্রেনের নিচে কাটা পড়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রেলওয়ে পুলিশ জানায়, নিহতের স্বজনদের খবর দেওয়ার চেষ্টা চলছে। দুর্ঘটনার বিস্তারিত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
