BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, বিয়ের পর নিজেও হলেন বিচারক!

বিজেএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরামর্শ নিতে গিয়ে পরিচয়, এরপর প্রথম দেখায় ভালো লাগা। সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। এবার স্বামীর কাছ থেকে পরামর্শ নিয়ে একই পরীক্ষায় সফল হয়ে বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন স্ত্রীও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী উদাস গোস্বামী ও চৈতি বিশ্বাসের গল্পটি এখন অনুপ্রেরণার।

উদাস গোস্বামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ১৬তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। অন্যদিকে সম্প্রতি ১৮তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাঁর স্ত্রী চৈতি বিশ্বাস।

চৈতি একসময় বিজেএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে স্বামী উদাস গোস্বামীর কাছেই পরামর্শ নিতেন। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে উদাস জানান, জজ হওয়ার পর অনেকেই পরীক্ষার প্রস্তুতি নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করতেন। চৈতিও তাদের একজন ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রথমবার চৈতিকে দেখেন উদাস। প্রথম দেখাতেই তাঁকে ভালো লেগে যায় এবং তখনই বিয়ের সিদ্ধান্ত নেন বলে জানান তিনি। পরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

চৈতির প্রস্তুতির সময় পড়াশোনার বিষয় গুছিয়ে দেওয়া, লেখার ধরন এবং বিভিন্ন প্রশ্নের সমাধান নিয়ে সহযোগিতা করতেন উদাস। তাঁর মতে, চৈতির সাফল্যের পেছনে ধৈর্য, একাগ্রতা, নিয়মিত পড়াশোনা ও হার না মানার মানসিকতাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

ADS Payra UP Election

স্ত্রীর সাফল্যের খবর পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে উদাস বলেন, ফল প্রকাশের খবর শুনে কিছুক্ষণের জন্য তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। পরে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিষয়টি তিনি জেলা জজকেও জানান। খবর শুনে জেলা জজও আনন্দ প্রকাশ করেন।

তবে দুজনের পড়াশোনার ধরন ছিল ভিন্ন। উদাস জানান, তিনি পরীক্ষার আগের রাতে বেশি পড়তেন। আর চৈতি নিয়ম মেনে ধারাবাহিকভাবে পড়াশোনা করতেন। বিশ্ববিদ্যালয়ের ফলাফলেও চৈতি তুলনামূলকভাবে ভালো অবস্থানে ছিলেন বলে জানান তিনি।

দাম্পত্য জীবনের পাশাপাশি একই পেশায় থাকার বিষয়টিকেও ইতিবাচকভাবে দেখছেন উদাস। তাঁর মতে, আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুজনের আলোচনা পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে। তবে ঘরেও আদালতের বিষয় নিয়ে আলোচনা হলে তা সংসার জীবনে কিছুটা প্রভাব ফেলতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

নতুন বিজেএস প্রার্থীদের উদ্দেশে উদাস গোস্বামীর পরামর্শ, লক্ষ্য স্থির রেখে নিয়মিত পরিশ্রম ও অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যেতে হবে। তাঁর বিশ্বাস, এভাবে চেষ্টা চালিয়ে গেলে সফলতা আসবেই।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »