BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য মানুষকে পেতে যাচ্ছি!

বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল। তার মতে, বহু বছর পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে একজন যোগ্য ব্যক্তিকে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আগামী ২০ আগস্ট তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন।

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।’

তিনি আরও বলেন, ‘দুই যুগ ধরে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অনেক অনুপযুক্ত ব্যক্তি ছিলেন। বহু বছর পর আমরা এই পদের জন্য সব দিক থেকে যোগ্য একজন মানুষকে পেতে যাচ্ছি।’

ADS Payra UP Election

মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপির মহাসচিব হিসেবে তিনি দলের নেতৃত্ব দিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। তিনি ব্যক্তিত্ববান, সুশিক্ষিত, সদাচারী ও সুবক্তা হিসেবে পরিচিত।

এ সময় রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ধন্যবাদ জানান আসিফ নজরুল।

ছাত্রজীবনে বামপন্থি রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করা মির্জা ফখরুল পরে শিক্ষকতা, সরকারি চাকরি, পৌর রাজনীতি, সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক পথচলা শেষে তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে তার দীর্ঘ রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো। তবে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই বিষয়টি চূড়ান্ত হবে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »