মাকসুদ আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ, প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার টেকসই ও দীর্ঘমেয়াদি উন্নয়নে ‘মির্জাগঞ্জ ২০৫০’ নামে একটি মাস্টারপ্ল্যান তৈরির ভাবনার কথা জানিয়েছেন নবযোগদানকৃত পটুয়াখালী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল করিম।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় মির্জাগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারি কর্মকর্তারা কোনো নির্দিষ্ট দলের নন; তারা রাষ্ট্রের পক্ষ থেকে বেতন-ভাতা পান। তাই সরকারের উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।
তিনি ন্যায়বিচার, ন্যায্য সম্মান এবং সাধারণ মানুষের কাছে মানসম্মত সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। ব্যক্তিকেন্দ্রিক প্রচারের পরিবর্তে জনগণের কল্যাণে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

মির্জাগঞ্জের দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, উপজেলার ভবিষ্যৎ উন্নয়নকে পরিকল্পিত ও টেকসই করতে ‘মির্জাগঞ্জ ২০৫০’ নামে একটি দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান করা যেতে পারে। এ পরিকল্পনা প্রণয়নে সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের সুনির্দিষ্ট পরামর্শ নেওয়ার পাশাপাশি ইউনিয়নভিত্তিক সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজন চিহ্নিত করে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।
মতবিনিময় সভায় মির্জাগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকসহ বিভিন্ন বিদ্যমান সমস্যা, উপজেলার উন্নয়নের সম্ভাবনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ সোহরাব হোসেন, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসাইন ফরাজী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আনোয়ার হোসেন সিকদার, আমিনুল ইসলাম খোকন ও গোলাম ফারুক মুন্সি, মাধবখালী ইউনিয়নের সাবেক সভাপতি হাসিবুল গনি মনির খন্দকার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মোঃ শাহজাহান মিয়া।
এছাড়া বক্তব্য দেন মির্জাগঞ্জ উপজেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, উপজেলা যুবদলের সভাপতি গাজী রাশেদ শামস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক দুলাল হোসেন নান্নু, উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেছ, বাংলাদেশ প্রেসক্লাব বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক আলামীন প্রিন্স ও সাংবাদিক জিয়াউর রহমান।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
