মাকসুদ আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ, প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাইফুল ইসলাম লিমন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর, ২০২৬) রাতে উপজেলার ৪ নং দেউলী সুবিদখালী ইউনিয়নের দেউলী সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত লিমন উক্ত ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দেউলী গ্রামের মোঃ মাজহারুল ইসলাম ওরফে লিটনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ থানার এসআই অনুপ দাসের নেতৃত্বে একদল পুলিশ থানা এলাকায় বিশেষ অভিযান, পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারে টহল ডিউটিতে ছিল। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে দেউলী সাকিনস্থ নান্নু মীর মার্কেট (বটতলা) সংলগ্ন এলাকার পূর্ব পাশে মীরা বাড়ির সামনের নির্মাণাধীন পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে লিমনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করেন অভিযান পরিচালনাকারী সদস্যরা।
মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান জানান,
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
