বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ জোরদারে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দুই দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা ৪৯ থেকে বাড়িয়ে ৮৪ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
নতুন সমঝোতার ফলে উভয় দেশের এয়ারলাইনগুলো সপ্তাহে অতিরিক্ত ৩৫টি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার সুবিধা পাবে। এছাড়া সপ্তাহে ২১টি কার্গো ফ্লাইট, পঞ্চম স্বাধীনতা ট্রাফিক অধিকার (Fifth Freedom Traffic Rights), কোড-শেয়ারিং, কো-টার্মিনালাইজেশন এবং উড়োজাহাজ লিজিংয়ের সুযোগও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বেবিচক চেয়ারম্যান জানান, এই সিদ্ধান্ত বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখবে। বিশেষ করে হজ ও ওমরাহযাত্রীদের ফ্লাইট সংকট, অতিরিক্ত যাত্রীর চাপ এবং আসন সমস্যা নিরসনে বাড়তি ফ্লাইটগুলো কার্যকর ভূমিকা পালন করবে। এর মাধ্যমে হজ মৌসুমে ফ্লাইট চলাচল আরও সুশৃঙ্খল ও নিরবচ্ছিন্ন হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
