দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। ওই দিন জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেবেন সংসদ সদস্যরা। নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার ভোটগ্রহণের স্থান ও সময় নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১-এর ক্ষমতাবলে স্পিকারের সঙ্গে আলোচনা করে ২০ আগস্ট দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করেছেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার জন্য ৩৪৯ জন সংসদ সদস্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সংসদ সদস্যদের গোপন ভোটের মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। এরপর ২০ আগস্ট সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে রাষ্ট্রপতি পদে সরকারি দল ও ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহের খবর পাওয়া গেছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে একাধিক প্রার্থী থাকলে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
দীর্ঘ ৩৫ বছর পর আবারও জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হতে যাচ্ছে। ফলে এবারের নির্বাচন দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
