নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ২৮ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ব্যক্তির বড় বোন (৪০) সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
পুলিশ ও অভিযুক্ত নারীর ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর তাদের মৌখিকভাবে বিচ্ছেদ হয়। তবে এরপরও ওই ব্যক্তি নিয়মিত তার কাছে যাতায়াত করতেন। প্রায় তিন মাস আগে তিনি অন্য এক নারীকে বিয়ে করেন। এরপরও বিষয়টি মেনে নিয়ে অভিযুক্ত নারী তাকে বাসায় আসতে দিতেন বলে জানা গেছে।
অভিযুক্ত নারীর অভিযোগ, তার স্বামী তাকে কোনো ভরণপোষণ দিতেন না। বরং বেতন পাওয়ার পর টাকার জন্য বাসায় আসতেন এবং প্রায়ই জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিনও ওই ব্যক্তি জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই নারী তার স্বামীর স্পর্শকাতর অঙ্গে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে আহত জহিরুল ইসলাম বাসা থেকে বের হয়ে পথচারীদের সহায়তায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে মোহাম্মদপুরের আল-মানার হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আল মামুন বলেন, ‘ভুক্তভোগীর বোন বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
