বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শনিবার (১৫ আগস্ট) থেকে ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ২৬ আগস্ট (বুধবার) ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার (১৫ আগস্ট) থেকে রবিউল আউয়াল মাস শুরু হবে।
জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত নেয়।
১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এ দিন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে পালিত হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
