সাধারণত বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হলেও এবার উল্টো ভারত থেকেই বাংলাদেশে ইলিশ আসছে। দেশে ইলিশের ঘাটতি ও চাহিদা মেটাতে গত দুই মাসে ভারত প্রায় ৫০০ টন ইলিশ রপ্তানি করেছে। ব্যবসায়ীদের দাবি, আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ বাংলাদেশে আসতে পারে।
জানা গেছে, এসব ইলিশ মূলত ভারতের গুজরাট থেকে সংগ্রহ করে ভারুচ বন্দর দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছের বাজার থেকেও কিছু চালান এসেছে।
হাওড়া হোলসেল ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ জানান, বাংলাদেশ এবারই প্রথম ভারত থেকে ইলিশ আমদানি করছে। সাধারণত ভারত থেকে বোয়াল, রুই, পারশে ও ট্যাংরাসহ বিভিন্ন ধরনের মাছ বাংলাদেশে পাঠানো হয়। তবে এ বছর বাংলাদেশে ইলিশের ঘাটতি দেখা দেওয়ায় পরিস্থিতি ভিন্ন হয়েছে।
তিনি বলেন, গত দুই মাসে প্রায় ৫০০ টন ইলিশ রপ্তানি করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ রপ্তানির সম্ভাবনা রয়েছে।
মকসুদ জানান, গুজরাটের ইলিশে প্রচুর ডিম থাকে। ভারতের বাজারে এই ইলিশের চাহিদা তুলনামূলক কম হলেও বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ডিমওয়ালা ইলিশের চাহিদা বেশি। ফলে বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে গুজরাটের ইলিশ আকর্ষণীয় হয়ে উঠেছে।
তিনি আরও জানান, আমদানি করা কিছু ইলিশ প্রক্রিয়াজাত করে বিদেশের বাজারেও রপ্তানি করা হচ্ছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারে শুকিয়ে নোনা ইলিশ হিসেবেও বিক্রি করা হচ্ছে।
এদিকে আসন্ন উৎসবের মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে আবার ইলিশ রপ্তানি হবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। গত বছর উৎসবের আগে বাংলাদেশ সরকার ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল।
সূত্র: দ্য টেলিগ্রাফ অনলাইন
