BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে, অন্য কোনো দেশ কথা বলতে পারে না: ডা. জাহেদ

শেখ হাসিনার বিচার বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ীই হবে, এ বিষয়ে ভারতসহ অন্য কোনো দেশের কথা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সরকারকে অন্যায় চাপ দিয়ে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করার যুগ শেষ হয়ে গেছে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় হজ চুক্তি, গঙ্গার পানি বণ্টন, সাংস্কৃতিক আয়োজন এবং আওয়ামী লীগের কার্যক্রম নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা।

ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের একজন আসামির বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের আইন অনুযায়ীই নির্ধারিত হবে। এ নিয়ে ভারত বা অন্য কোনো দেশ কথা বলতে পারে না। অন্য কোনো দেশ এ বিষয়ে কথা বলবে বলেও তিনি বিশ্বাস করেন না। সরকার এ নিয়ে কোনো ধরনের চাপে নেই।

এদিকে, দেশে সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে আগামী জানুয়ারিতে সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তথ্য উপদেষ্টা জানান, সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর মাধ্যমে শুধু বিনোদনের সুযোগই তৈরি হবে না, তরুণ প্রজন্মের বিপথে যাওয়ার প্রবণতা কমাতেও ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার।

২০২৭ সালের হজ চুক্তি সৌদি আরবের সঙ্গে সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।

গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে। তবে এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কী চাওয়া হবে এবং কীভাবে তা উপস্থাপন করা হবে, যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে গঙ্গার পানি চুক্তি নিয়ে আলোচনা বা সমঝোতার সরাসরি কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসলে যেকোনো চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো সাধারণত অনেক আগেই চূড়ান্ত করা হয়ে থাকে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নামে সাধারণ মিছিল করাও বেআইনি বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, দলটির বিভিন্ন কর্মসূচিতে নৃশংসতা ও সহিংসতার চিত্র দেখা গেছে। সরকার এ ধরনের ঘটনা সহ্য করবে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনভাবে অভিযান পরিচালনা করবে, যাতে তা কার্যকর হওয়ার পাশাপাশি বলপ্রয়োগের মাত্রাও আনুপাতিক থাকে। সহিংসতায় যাদের ছবি দেখা গেছে, তাদের বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন, পলাতক আওয়ামী লীগের উসকানিতে যারা কর্মসূচি পালন করছেন, তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছেন। কারণ, এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ। এর দায় তাদের নিতে হবে। তবে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা হলেই যে সারা দেশে বড় ধরনের পরিস্থিতি তৈরি হবে, এমন নয়। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে এ নিয়ে তেমন সমস্যা হচ্ছে না।

সরকারি কর্মকর্তাদের বদলি প্রসঙ্গে তিনি জানান, প্রশাসনে আরও দক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার লক্ষ্যেই বদলি করা হচ্ছে।

গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, সরকার যেভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে, তা প্রশংসা পাচ্ছে। প্রথম দিনে পরিস্থিতি এমন ছিল যে বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। তবে পরবর্তী সময়ে যেভাবে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে, তা সঠিক ছিল এবং এটি সরকারের কৌশলের অংশ।

সরকারি কর্মচারীদের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন দলটি ক্ষমতায় থাকায় অনেক মানুষ এর সঙ্গে যুক্ত ছিলেন এবং এখনো রয়েছেন। তবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে দলীয় সম্পৃক্ততা থাকলে তা গুরুতর বিষয়। চিহ্নিত আওয়ামী লীগ নেতা-কর্মী এবং সরকারি কর্মচারীদের পোশাক পরে দলটির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিষয়ে সরকারের সর্বোচ্চ নজরদারি রয়েছে।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »