BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ভারত থেকে পাইপলাইনে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী

মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনাল থেকে বৃহস্পতিবার বিকালের মধ্যেই গ্যাস সরবরাহ পুনরায় শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দেশের গ্যাস সরবরাহ আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গ্যাস সংকট, বিদ্যুৎ পরিস্থিতি এবং জ্বালানি আমদানি নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মন্ত্রী।

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে—এমন প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে। টার্মিনাল বন্ধ হওয়ার আগে যে পরিমাণ গ্যাস সরবরাহ ছিল, সেটিই পুনরায় নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।

মন্ত্রী স্বীকার করেন, গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত হয়েছে এবং এর প্রভাব হিসেবে লোডশেডিং বেড়েছে। তিনি বলেন, গ্যাস না থাকলে বিদ্যুৎকেন্দ্র চালানো সম্ভব নয়। সরবরাহ স্বাভাবিক হলেই বন্ধ থাকা কেন্দ্রগুলো আবার উৎপাদনে ফিরবে।

বিদ্যুৎ ও গ্যাস খাত নিয়ে চলমান সমালোচনার বিষয়ে তিনি বলেন, এটি মানুষের নিয়ন্ত্রণের বাইরে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। সরকার দ্রুত সংকট কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে।

ভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রেই অভিযোগকারীরা প্রকৃত বিল নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আসেন না। তিনি জানান, জুন মাসে বিদ্যুতের দাম সমন্বয় করা হয়েছে। এছাড়া মার্চের তুলনায় জুনে তাপমাত্রা কম থাকলেও অনেক গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার বেড়েছিল, যার প্রভাব বিলেও পড়েছে।

এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে মন্ত্রী জানান, বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল আমদানির অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। জ্বালানি সরবরাহ আরও স্থিতিশীল করতে এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলেও তিনি জানান।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »