মাকসুদ আহমেদ বায়েজীদ মির্জাগঞ্জ, প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে সন্ত্রাসী কার্যক্রমের ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিপন্ন করার প্ররোচনার অভিযোগে মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মো. রাতিন জোমাদ্দার (২৩)। তিনি মির্জাগঞ্জ থানার উত্তর আমড়াগাছিয়া এলাকার আ. কাদের জোমাদ্দারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ জুলাই) রাত ৮টা ৫০ মিনিটে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর আমড়াগাছিয়া গ্রামের বেতাগী-মির্জাগঞ্জ উপজেলা সংযুক্ত চালিতাবুনিয়া ব্রিজের ওপর একদল সন্ত্রাসী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম সক্রিয় ও গতিশীল করার উদ্দেশ্যে একত্রিত হন। তাঁরা বর্তমান কার্যক্রমকে আরও জোরদার করতে এবং স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডে জনসাধারণকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে ব্যানার ও লিফলেট প্রস্তুত করে অপরাধের ষড়যন্ত্র ও প্ররোচনা চালায়।
এছাড়া নিজেদের শক্তি-সামর্থ্য প্রদর্শনের জন্য সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার ষড়যন্ত্র করে তাঁরা।
এ ঘটনায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী-২০১৩)-এর প্রযোজ্য ধারায় মির্জাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
