পশ্চিম ইউরোপের আকাশে আজ বুধবার (১২ আগস্ট) দেখা যাচ্ছে বছরের অন্যতম আলোচিত মহাজাগতিক ঘটনা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ১৯৯৯ সালের পর দীর্ঘ অপেক্ষা শেষে পশ্চিম ইউরোপের বিভিন্ন অঞ্চলের মানুষ এই বিরল মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছেন।
চাঁদের প্রচ্ছায়া বা ছায়ার ঘন অন্ধকার অংশ উত্তর সাইবেরিয়া, আর্কটিক মহাসাগর, পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড ও উত্তর স্পেনের ওপর দিয়ে অতিক্রম করবে। স্পেনের ভূমধ্যসাগরীয় উপকূল ও বালেয়ারিক দ্বীপপুঞ্জের দিকে সূর্যাস্তের মধ্য দিয়ে এই মহাজাগতিক ঘটনার সমাপ্তি হবে।
উত্তর আটলান্টিক মহাসাগরে আইসল্যান্ডের পশ্চিমে পূর্ণগ্রাস গ্রহণের স্থায়িত্ব সবচেয়ে বেশি হবে। স্থানীয় সময় বিকেল ৫টা ৪৮ মিনিটে রাজধানী রিকজাভিক থেকে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে। অন্যদিকে স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলের আ করুনিয়া ও বিলবাওয়ে স্থানীয় সময় রাত আনুমানিক ৮টা ২৮ মিনিটে সূর্যাস্তের ঠিক আগে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যেতে পারে। মাদ্রিদ ও বার্সেলোনাসহ ইউরোপের বিভিন্ন অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।
এ ছাড়া যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, ইতালি, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং কানাডা ও আলাস্কার কিছু এলাকা থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

তবে বাংলাদেশ ও ভারতের আকাশ থেকে এবারের সূর্যগ্রহণ দেখা যাবে না। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে গ্রহণ শুরু হয়ে ১৩ আগস্ট রাত ১টা ৫৮ মিনিটে শেষ হবে। সর্বোচ্চ গ্রহণ হবে রাত ১১টা ৪৬ মিনিটে। এ সময় বাংলাদেশে রাত থাকায় সূর্যগ্রহণ পর্যবেক্ষণের সুযোগ নেই। একইভাবে ভারতে রাত ৯টা ৪ মিনিটে গ্রহণ শুরু হয়ে রাত ১১টা ১৬ মিনিটে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। সেখানেও সূর্য দিগন্তের নিচে থাকায় গ্রহণ দেখা যাবে না।
বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ অনলাইন লাইভস্ট্রিমের মাধ্যমে এই মহাজাগতিক ঘটনা দেখতে পারবেন। নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থাসহ বিভিন্ন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান এ ধরনের সম্প্রচারের ব্যবস্থা করছে।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলায় দিনের আলো অনেকটা কমে যায় এবং সূর্যের বাইরের বায়ুমণ্ডল বা করোনা দেখার বিরল সুযোগ তৈরি হয়। তবে সূর্যগ্রহণ পর্যবেক্ষণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো বিপজ্জনক। অবশ্যই সার্টিফায়েড সোলার গ্লাস বা সৌর পর্যবেক্ষণ চশমা ব্যবহার করতে হবে।
বাংলাদেশ থেকে পরবর্তী উল্লেখযোগ্য দৃশ্যমান সূর্যগ্রহণ হিসেবে ২ আগস্ট ২০২৭ সালের আংশিক সূর্যগ্রহণের কথা উল্লেখ করা হচ্ছে। ওই দিন বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে ৫টা ৪৪ মিনিটের মধ্যে ঢাকার আকাশ থেকেও সামান্য আংশিক গ্রহণ দেখা যেতে পারে।
