BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

নুসরাত হত্যা মামলায় খালাস, কারাগার থেকে মুক্তি পেলেন মনিসহ ৮ জন!

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় উচ্চ আদালতের রায়ে খালাস পাওয়া কামরুন্নাহার মনিসহ আটজন কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পর্যায়ক্রমে তাদের মুক্তি দেওয়া হয়। দীর্ঘদিন পর কারাগার থেকে বেরিয়ে স্বজনদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে পর্যায়ক্রমে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি ও মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মো. জাকির হোসেন।

তিনি জানান, মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর সেগুলো যাচাই-বাছাই করে সংশ্লিষ্টদের মুক্তি দেওয়া হয়েছে।

মুক্তি পাওয়া আটজন হলেন মো. শামীম, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, আফসার উদ্দিন, ইমরান হোসেন মামুন, ইফতেখার উদ্দিন রানা, আব্দুর রহিম শরীফ ও কামরুন্নাহার মনি।

এদিন কামরুন্নাহার মনির সঙ্গে তার সাত বছর বয়সী মেয়ে মোবাশ্বেরা খানম রাথীও কারাগার থেকে বের হয়। মুক্তির খবর পেয়ে সকাল থেকেই তাদের স্বজনরা কাশিমপুর কারাগারের মূল ফটকের সামনে অপেক্ষা করছিলেন। কারাগার থেকে বের হওয়ার পর স্বজনদের কাছে পেয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। পরে পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করে তারা ফেনীর উদ্দেশে রওনা হন বলে জানা গেছে।

নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রথমে ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত। পরে উচ্চ আদালতের রায়ে তাদের মধ্যে ১০ জনকে খালাস দেওয়া হয়। একই সঙ্গে চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া চার আসামি হলেন উম্মে সুলতানা পপি, মোহাম্মদ নুরুদ্দিন, শাহাদাত হোসেন জাবেদ ও ইফতেখার হোসেন রানা। আর মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীম।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »