BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

রৌমারীতে মাদকাসক্ত ভাতিজার শাবলের আঘাতে চাচি নিহত, আহত ৩

শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারীতে মাদকাসক্ত ভাতিজার শাবলের আঘাতে সোনা বানু (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন মারাত্মক আহত হয়েছেন। আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার বারবান্দা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোনা বানু ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।

অভিযুক্ত মাদকাসক্ত ব্যক্তির নাম ফারুক হোসেন (৪০)। ঘটনার পর এলাকাবাসী তাকে আটক করে বেঁধে রাখে। পরে পুলিশ তাকে উদ্ধার করে রৌমারী থানায় নিয়ে যায়। হামলায় আহতরা হলেন ফারুকের ছোট বোন মমিনা খাতুন (৩০), ছোট ভাইয়ের স্ত্রী জোসনা খাতুন (২৬) ও চাচা খলিলুর রহমান (৪৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুবাইফেরত ফারুক হোসেন গত কয়েক দিন ধরেই অস্বাভাবিক আচরণ করছিলেন। কখনো তার মায়ের কাছে মাদক কেনার টাকা চাচ্ছিলেন, আবার কখনো চাচার কাছে জমির দলিল চেয়ে ঝগড়া বাধাচ্ছিলেন। এর মধ্যেই আজ শুক্রবার সকাল থেকে তার আচরণ ভালো না দেখে বাড়ির সবাই তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন। এমন অবস্থায় ঘর থেকে একটি শাবল নিয়ে এসে সবাইকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন ফারুক। তার শাবলের আঘাতে গুরুতর জখম হয়ে চাচি সোনা বানু ঘটনাস্থলেই নিহত হন।

রৌমারী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফিরোজ আহমেদ বলেন, "মাদকাসক্ত ফারুক তার ছেলে টিটু ও মা জামিরন বেগমকে ঘরে আটকে রাখে। তাদের ছাড়াতে গিয়েই এই খুনোখুনির ঘটনা ঘটে।"

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, "অভিযুক্ত ফারুক হোসেনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের পর আরও কেউ জড়িত থাকলে মামলায় তার নামও সংযুক্ত করা হবে।"

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »