ফেনী প্রতিনিধি:ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ছনুয়া ইসলামিয়া মাদ্রাসায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মরহুম ফয়েজ আহমেদ চেয়ারম্যান ফাউন্ডেশন আয়োজিত এবং ফেনী মেডিনোভা হাসপাতালের সহযোগিতায় এ ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
এই ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফেনী মেডিনোভা স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড এমআরআই ইমেজিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং মরহুম ফয়েজ আহমেদ চেয়ারম্যান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক হুমায়ুন কবির ও তার পরিবারবর্গ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মেডিনোভা হাসপাতালের নির্বাহী পরিচালক সাংবাদিক মিজানুর রহমান এবং মেডিনোভা হাসপাতাল কর্তৃপক্ষ।

ক্যাম্প আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ছনুয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ার হোসেন, ছনুয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম, সদর উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ সোহেল, ছনুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আমির হোসেন মামুন, জেলা যুবদলের সদস্য আহসান সুমন এবং অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা আলী হোসেন।
তারা বলেন, "প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ করে অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের চিকিৎসা ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
আয়োজকেরা জানান, ক্যাম্পে এলাকার সাধারণ মানুষকে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছিল। সপ্তাহে একদিন মরহুম ফয়েজ আহমেদ চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে ফ্রি চিকিৎসাসেবা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। মরহুম ফয়েজ আহমেদ ফাউন্ডেশন ফেনীর বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে ফ্রি মেডিকেল সেবা দিয়ে আসছে।
