গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনরত আনসার সদস্যদের খাবার সরবরাহের উদ্দেশ্যে গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সিভিল স্টাফরা খাবার নিয়ে যাওয়ার সময় পথে বিভিন্ন বাধার সম্মুখীন হন।
শুক্রবার (২০ নভেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত তাদের জিম্মি করে এবং ভয়ভীতি দেখিয়ে খাবার ছিনিয়ে নেয়। পরে এই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের কর্মকাণ্ড হিসেবে প্রচার করে এবং আনসার সদস্যদের খাবার সরবরাহের বিষয়টিকে রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের চেষ্টা চালায় তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে কিছু গণমাধ্যমে প্রচারিত তথ্যটি প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং ঘটনাটির বাস্তব প্রেক্ষাপট আড়াল করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা। খাবার সরবরাহের সঙ্গে জড়িত স্টাফকে জিম্মি করে, ভয়ভীতি দেখিয়ে এবং পরিস্থিতির সুযোগ নিয়ে ভিডিও ধারণ করে উদ্দেশ্যমূলক রাজনৈতিক প্রচার সম্পূর্ণ বিভ্রান্তিকর।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা, জননিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালনরত সদস্যদের জন্য খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার নিন্দা জানিয়েছে আনসার বাহিনী। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান এবং ঘটনার প্রকৃত তথ্য বিবেচনায় নিয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের অনুরোধ করা হয়েছে।
