কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিএনপি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। তার বক্তব্যের সময় উপস্থিত নেতাকর্মীরা বারবার করতালি ও স্লোগান দেন।
মাইক হাতে নিয়ে তিনি বলেন, তিনি দীর্ঘ বক্তৃতা করবেন না, শুধু একটি কথা জিজ্ঞেস করবেন। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা ১৭ বছর ফ্যাসিস্টবিরোধী আন্দোলন করেছিলেন। আপনাদের যে চরিত্র, যে সাহস গড়ে উঠেছিল, সেটা কি আছে না হারিয়ে গেছে?" জবাবে উপস্থিত নেতাকর্মীরা সমস্বরে বলেন, "আছে।"
এরপর তিনি বলেন, "রাজপথে আওয়ামী লীগকে মোকাবিলা করার জন্য, ফ্যাসিস্টদের মোকাবিলা করার জন্য আপনারাই যথেষ্ট। পুলিশের কাজ পুলিশ করবে, আইনশৃঙ্খলা রক্ষার্থে তারা তাদের কাজ করবে। কিন্তু জাতীয়তাবাদী যুবদল হিসেবে বর্তমানে যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে, নিষিদ্ধ ঘোষিত যুবলীগকে মোকাবিলা করার মতো শক্তি-সামর্থ্য আপনাদের আছে। তারা পরাজিত সৈনিক, আপনারা বিজয়ী সৈনিক।"
তিনি আরও বলেন, "আজ থেকে আপনাদের রাজপথে নামানো হলো। রাজপথে আমরা মোকাবিলা করব। রাজপথ যুবদলের দখলে থাকবে। নির্দেশ না দেওয়া পর্যন্ত অবস্থান থাকবে। যেখানেই নৈরাজ্য, যেখানেই সন্ত্রাস, সেখানেই প্রতিরোধ, এটাই দলের সিদ্ধান্ত।"
৩১ ডিসেম্বরের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন, "দলের চেয়ারম্যান তারেক রহমান ৭ নভেম্বর ৭ কিলোমিটার দীর্ঘ পথে হেঁটে প্রমাণ করেছেন তিনি রাজপথে নেমেছেন। জিয়ার আদর্শের কোনো কর্মী কী পেল, কী পেল না, কে কী পদ পেল, কী পেল না, এটা মূল্যায়নের আর কোনো সুযোগ নেই। আপনার সবচেয়ে বড় পরিচয়, আপনি জিয়ার আদর্শের কর্মী।"
সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, যুবদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান, গাজীপুর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি তপন খান, কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, যুবদলের সদস্যসচিব আমজাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিবলু বকশী প্রমুখ।
