আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। জাতি গঠনে শিক্ষকদের অবদান ও ভূমিকার স্বীকৃতি দিতে প্রতিবছরের মতো এবারও দেশে নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার। নির্বাচিত প্রত্যেক শিক্ষককে দেওয়া হবে নগদ ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দেওয়ার কথা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা দুপুর সাড়ে ১টায় আসন গ্রহণ করবেন। প্রধান অতিথির আগমনের পর জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর স্বাগত বক্তব্য, বিশেষ অতিথিদের বক্তব্য এবং প্রতিমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর গুণী শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।
সম্মাননা পাওয়া শিক্ষকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অনুভূতি প্রকাশের পর প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।
এবার প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ২০ জন, কলেজ পর্যায়ে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষক সম্মাননা পাচ্ছেন। এর বাইরে প্রধানমন্ত্রীর নির্বাচিত আরও ৬ জন শিক্ষক রয়েছেন সম্মাননার তালিকায়।
প্রাথমিক পর্যায়ের ১০ জনের মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন ও মাদরাসার ২ জন শিক্ষক রয়েছেন। মাধ্যমিক পর্যায়ের ২০ জনের মধ্যে সাধারণ মাধ্যমিকের ১০ জন, কারিগরি শিক্ষার ৫ জন এবং মাদরাসার ৫ জন শিক্ষক রয়েছেন।
কলেজ পর্যায়ে সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার ৫ জন এবং মাদরাসার ৫ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে।

সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে সম্মাননা পাচ্ছেন ২০ জন শিক্ষক। তাদের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক রয়েছেন। চিকিৎসা শিক্ষায় ৫ জন মেডিক্যাল কলেজ ও ৫ জন চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে সম্মাননা দেওয়া হবে।
এ ছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষক সম্মাননা পাবেন।
গুণী শিক্ষক নির্বাচনে সংশ্লিষ্ট অধিদপ্তর ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গঠিত সার্চ কমিটি কাজ করেছে। প্রতিটি ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষকদের প্যানেল জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে পাঠানো হয়। পরে সেখান থেকে চূড়ান্তভাবে সম্মাননার জন্য শিক্ষক নির্বাচন করা হয়েছে।
এবার বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য—‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া’। শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষা এবং জাতি গঠনে তাদের অবদানের স্বীকৃতি দেওয়াই এবারের দিবস উদযাপনের অন্যতম লক্ষ্য।
ইউনেসকোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশেও দিবসটি এখন নিয়মিত জাতীয় পর্যায়ে পালিত হচ্ছে।
জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়েও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। দেশের প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, সাধারণ বিশ্ববিদ্যালয়, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়, প্রকৌশল, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে।
