BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ইউএনওর সাথে ফোন ব্যবহার না করার অঙ্গীকার শিক্ষার্থীদের!

নোয়াখালীর হাতিয়ায় পড়ালেখার মান উন্নয়ন, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে আয়োজিত অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের সব শিক্ষার্থী ও অভিভাবক একসঙ্গে হাত তুলে মোবাইল ব্যবহার না করার অঙ্গীকার করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মফিজিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালের পরামর্শে তারা এ অঙ্গীকার করেন।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোকাররম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও রাসেল ইকবাল।

সমাবেশে ইউএনও রাসেল ইকবাল বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকাও গুরুত্বপূর্ণ। সন্তানরা কোথায় যায়, কী করে এবং কার সঙ্গে মেশে—এসব বিষয়ে অভিভাবকদের গুরুত্ব দিয়ে নজর রাখতে হবে।

তিনি বলেন, বর্তমানে সমাজে মোবাইল ফোনের ব্যবহার অনেক ক্ষেত্রে ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অনেকে পড়ালেখায় সময় না দিয়ে মোবাইল ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে। এতে পড়ালেখার ক্ষতির পাশাপাশি তাদের মধ্যে উগ্রতা ও বিভিন্ন ধরনের মানসিক সমস্যাও দেখা দিতে পারে।

শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন ও কঠোর হওয়ার আহ্বান জানান ইউএনও। পরে বিদ্যালয়ে পাঠদান চলাকালে মোবাইল ফোন ব্যবহার না করার জন্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অঙ্গীকার করান তিনি।

এ সময় উপস্থিত সবাই হাত তুলে অঙ্গীকারে সম্মতি জানান। অঙ্গীকার ভঙ্গ করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের কথাও জানানো হয়।

সমাবেশে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম মুজাহিদুল ইসলাম, শিক্ষক কামরুজ্জামান, অভিভাবক মো. ফাহিম উদ্দিন, প্রবাসী কামরুল ইসলাম নুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।

অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »