BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কোরআন শরীফের সাথে মিলল বোমা সদৃশ প্রেসার কুকার!

ঢাকার সাভারে একটি মসজিদের মাঠ থেকে বোমা সদৃশ একটি প্রেসার কুকার উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নীল রঙের একটি প্লাস্টিকের ড্রামের ভেতর কাপড়চোপড়, একটি কোরআন শরিফ ও প্রেসার কুকারটি পাওয়া যায়। এটি আসলেই কোনো বিস্ফোরক কি না, তা নিশ্চিত হতে ঘটনাস্থলে বোমা ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের আওতাধীন সাধাপুর গোপেরবাড়ি এলাকার লালটেক ঘোড়া মসজিদের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখা যায়। পরে ড্রামটি খুলে ভেতরে কাপড়চোপড়, একটি কোরআন শরিফ এবং প্রেসার কুকার দেখতে পান তারা।

স্থানীয়দের দাবি, রাতে অজ্ঞাতনামা তিন ব্যক্তি ড্রামটি সেখানে রেখে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর সকালে পুলিশকে খবর দেওয়া হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপত্তার আওতায় নেয়।

সাভার মডেল থানার এসআই ইমরান জানান, প্রেসার কুকারটির ভেতরে বিস্ফোরক বা অন্য কোনো বিপজ্জনক বস্তু রয়েছে কি না, তা পরীক্ষা করা হবে। এ জন্য বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের ঘটনাস্থলে ডাকা হয়েছে।

তিনি বলেন, প্রেসার কুকারটি আসলেই বোমা কি না, কিংবা এর ভেতরে কী ধরনের বস্তু রয়েছে—বোমা ডিসপোজাল ইউনিটের পরীক্ষা শেষে তা নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ড্রামটি কারা সেখানে রেখে গেছে এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এ ঘটনার আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় অভিযান শুরু করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

এর আগে হেমায়েতপুর এলাকা থেকে আরিফ নামে একজনকে আটক করা হয়। তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ছয়টি পাইপ বোমা ও বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

ফলে একই দিনে সাভারের দুটি ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। তবে মসজিদের মাঠ থেকে উদ্ধার হওয়া প্রেসার কুকারটি সত্যিই বিস্ফোরক কি না, তা বোমা ডিসপোজাল ইউনিটের পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -