ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে বন্দি অবস্থায় তুলে ধরে ব্যতিক্রমী এক শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে। শহরের উত্তরে তাজরিশ স্কয়ারে স্থাপন করা এই শিল্পকর্মে ট্রাম্পের আদলে এক অভিনেতাকে কৃত্রিম কারাগারের ভেতরে ও চারপাশে দেখা যায়। শিল্পকর্মটিতে লেখা রয়েছে, ‘এই দৃশ্য না দেখা একটি অপরাধ।’ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এমন প্রতীকী উপস্থাপনকে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদের প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে তেহরানের ব্যস্ত সড়কের পাশে বিলবোর্ডের আদলে শিল্পকর্মটি স্থাপন করা হয়। এতে একটি কৃত্রিম কারাগার তৈরি করা হয়েছে। ট্রাম্পের ভূমিকায় অভিনয় করা ব্যক্তি কখনো কারাগারের চারপাশে হাঁটছেন, আবার কখনো ভেতরে বসছেন। পুরো আয়োজনটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে।
শিল্পকর্মের মূল বার্তা ‘এই দৃশ্য না দেখা একটি অপরাধ’—এর পাশাপাশি আরও কিছু বার্তা প্রদর্শন করা হয়েছে। সেগুলোতে দক্ষিণ ইরানের সিরকি এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টি তুলে ধরা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, সেপ্টেম্বরের শুরুর দিকে ওই হামলায় দুই নারী ও দুই শিশুসহ চারজন নিহত হন। এ ছাড়া আহত হন ৬০ জনেরও বেশি মানুষ। তবে হামলার ঘটনা ও হতাহতের বিষয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যেই ট্রাম্পকে কারাগারে বন্দি হিসেবে উপস্থাপন করে এই শিল্পকর্ম প্রদর্শন করা হলো। এর মাধ্যমে প্রতীকীভাবে মার্কিন প্রেসিডেন্টের প্রতি অসন্তোষ ও প্রতিবাদ প্রকাশ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
শিল্পকর্মটি তেহরানের জনবহুল এলাকায় স্থাপন করায় তা স্থানীয় মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় এসেছে। তবে এটি ঘিরে ইরান সরকারের আনুষ্ঠানিক বক্তব্য বা যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।
