BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

তাহসিফ হত্যা মামলা: ফের ৩ দিনের রিমান্ডে তরুণী দিশা!

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশাকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। নিহত তাহসিফের সঙ্গে ঘটনার আগে ও পরে দিশার একাধিকবার যোগাযোগ এবং বিভিন্ন স্থানে একসঙ্গে যাতায়াতের তথ্য পাওয়ার কথা জানিয়েছে তদন্ত সংস্থা। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও অন্য আসামিদের শনাক্ত করতে তাকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

বুধবার (৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত দিশার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে চার দিনের রিমান্ড শেষে দিশাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আবারও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

তদন্তকারী কর্মকর্তার রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ গিয়েছিলেন জেরিকা তাসনীম দিশা। এছাড়া হত্যাকাণ্ডের আগে তারা একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’-এও গিয়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, একটি মোটরসাইকেল গ্যারেজে মামলার অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) সঙ্গে দিশাকে একসঙ্গে অবস্থান করতে দেখা গেছে। পাশাপাশি নিহত তাহসিফের সঙ্গে দিশার রেস্টুরেন্টে যাতায়াত এবং মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির তথ্যও উঠে এসেছে তদন্তে।

তদন্তে তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট বা কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনা করে ঘটনার আগে দিশার সঙ্গে তার একাধিকবার ফোনে কথা বলার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

রিমান্ড আবেদনে তদন্তকারী কর্মকর্তা দাবি করেন, প্রাথমিক তদন্তে তাহসিফ হত্যাকাণ্ডের সঙ্গে দিশার জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। হত্যার মূল রহস্য উদঘাটন, ঘটনার সঙ্গে জড়িত অন্য অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের স্থান নির্ধারণের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত বা সংশ্লিষ্ট আলামত উদ্ধার এবং মামলার অপর আসামি দীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখার জন্য তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »