মাকসুদ আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ,প্রতিনিধি :
পটুয়াখালীর মির্জাগঞ্জের পশ্চিম সুবিদখালীতে অবস্থিত ‘আশ্রাফ ব্রিক ফিল্ডে’ নতুন মৌসুমের ইট পোড়ানোর (ফায়ারিং) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সাধারণত বর্ষা মৌসুম শেষ হওয়ার পর, কার্তিক-অগ্রহায়ণ মাসের দিকে যখন মাটি শুকিয়ে আসে, তখন কাঁচা ইট তৈরি এবং তা পুড়িয়ে নতুন মৌসুমের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এই ধারাবাহিকতায় বুধবার (৫ অক্টোবর) আসর নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে চুল্লির মুখে আগুন জ্বালিয়ে কার্যক্রমের সূচনা করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে আশ্রাফ ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আশ্রাফ আলী হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “আমরা সবসময় ভালো মানের ইট তৈরি করে আসছি এবং শতকরা ৯০ শতাংশ গুণগত মান রক্ষা করে। আমি বহু বছর ধরে কয়লা দিয়ে অত্যন্ত সুনামের সাথে ভালো মানের ইট তৈরি করে আসছি। আমাদের একেকটি রাউন্ডে প্রায় ৯ লাখ ৮০ হাজার ইট বের হয়।”
তিনি আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে বলেন, “পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে আগামী সপ্তাহে আমাদের ব্রিক ফিল্ডে নতুন করে কনক্রিটের ইট তৈরির মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসাইন ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার মনজু, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ভাটার শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ব্যবসায়ে সমৃদ্ধি, বরকত এবং শ্রমিকদের সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সুবিদখালী দারুস সুন্নাত মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ শামসুদ্দোহা নিজামী। দোয়া শেষে চুল্লিতে আগুন দিয়ে নতুন মৌসুমের ইট পোড়ানোর আনুষ্ঠানিক সূচনা করা হয়।
