BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়, ‘স্পেস লেজার’ নিয়ে মাস্কের ব্যঙ্গ!

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের বড় পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ঘিরে প্রচলিত ‘স্পেস লেজার’ প্রসঙ্গ টেনে এক্সে রসিকতা করেন তিনি। নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে বিপুল অর্থ ব্যয় করেও প্রত্যাশিত ফল না পাওয়ার পর মাস্কের এমন মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে শত শত মিলিয়ন ডলার ব্যয় করেছিলেন মাস্ক। তবে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর নিজের হতাশা ও ব্যর্থতাকে ব্যঙ্গের মাধ্যমে প্রকাশ করেন তিনি।

এক্সে দেওয়া পোস্টে মাস্ক লেখেন, ‘নির্বাচনে হস্তক্ষেপকারী স্পেস লেজারও এবার কাজ করেনি।’ এর কিছুক্ষণ পর দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের বিষয়টি এখন বেশ আকর্ষণীয় মনে হচ্ছে।’

মাস্কের এমন মন্তব্যের কিছুক্ষণ আগেই টেক্সাসের নবনির্বাচিত সিনেটর জেমস টালারিকো তার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন।

নির্বাচনে জয় উদ্‌যাপন করতে অস্টিনে দেওয়া বক্তব্যে ডেমোক্র্যাট প্রার্থী টালারিকো বলেন, এই নির্বাচনে তারা আন্ডারডগ ছিলেন। তাদের মোকাবিলা করতে হয়েছে ৩০ কোটি ডলারের বেশি অর্থের নির্বাচনী প্রচারণা। যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনের ইতিহাসে কোনো প্রচারণায় এত অর্থ ব্যয় হয়নি বলেও দাবি করেন তিনি।

টেক্সাসে টালারিকোর জয়কে এবারের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ঐতিহাসিকভাবে অঙ্গরাজ্যটি রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বিজয়ী ভাষণে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম নিয়ন্ত্রণকারী ধনকুবেরদের সমালোচনা করেন। তার বক্তব্যের লক্ষ্য ছিলেন ইলন মাস্কও।

উল্লেখ্য, এবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের অন্যতম বড় আর্থিক সমর্থক ছিলেন ইলন মাস্ক। এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানদের প্রচারণায় সহায়তা করতে প্রায় ২৫ কোটি ডলার ব্যয় করেছেন তিনি। বিপুল অর্থ ব্যয়ের পরও নির্বাচনে দলটির প্রত্যাশিত সাফল্য না আসায় মাস্কের এই ব্যঙ্গাত্মক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »