ইরানের পুলিশ বাহিনীর সাহসিকতা ও আত্মত্যাগের প্রশংসা করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে ইরানের নিরাপত্তা, শক্তি ও মর্যাদা আরও বৃদ্ধির আশা প্রকাশ করে তিনি ইমাম মাহদীর দ্রুত পুনরাগমন কামনা করেছেন।
শুক্রবার (৯ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বার্তায় মোজতবা খামেনি বলেন, মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত হলো নিরাপত্তা। ইরানের বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত সীমান্ত এলাকা পর্যন্ত নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আশা প্রকাশ করেন, ইমাম মাহদীর দোয়া ও বরকতে ইরানের নিরাপত্তা, শক্তি ও মর্যাদা বৃদ্ধিতে দেশটির পুলিশ সদস্যরা আরও সাফল্য অর্জন করবেন।

ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধের প্রসঙ্গ তুলে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী দেশটির পুলিশ বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে সামনের সারির সদস্যদের লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছে। তবে এসব হামলার মধ্যেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে অবিচল ছিলেন বলে তিনি উল্লেখ করেন।
পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন মোজতবা খামেনি। এ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনবলসহ হার্ডওয়্যার ও সফটওয়্যারের সার্বিক উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
বার্তার শেষাংশে পুলিশ বাহিনীর প্রধান কমান্ডারসহ সব সদস্যের নিষ্ঠা, সাহসিকতা ও দায়িত্বশীলতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ইরানের সর্বাধিনায়ক।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।
