নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র্যাব-১১। বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কাঁচপুর বালুরমাঠ এলাকায় ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাই ও মাদক কারবারের স্পট হিসেবে পরিচিত কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবাত বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
