BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পাহাড়ধসে প্রাণ গেল ঘুমন্ত দুই কিশোর-কিশোরীর!

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে টানা বর্ষণে পাহাড়ধসে বসতঘরের ওপর মাটি চাপা পড়ে এক কিশোর ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী এবং ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি বসতঘর।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে বরইতলী ইউনিয়নের পহরচাঁদা-মছইন্যাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মৃত মো. কাজলের মেয়ে রুমি (১৪) এবং আবদুল মজিদের ছেলে মো. তৌওছিফ (১২)। আহত হয়েছেন রুমির মা লাইলা বেগম (৫৫)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সময় প্রবল বর্ষণের মধ্যে পাহাড়ের একটি বড় অংশ ধসে তাদের বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা তিনজন মাটিচাপা পড়েন।

খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর লাইলা বেগমকে জীবিত উদ্ধার করা হলেও রুমি ও তৌওছিফকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের দাবি, টানা বৃষ্টিতে পাহাড়টি আগেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। তবে বিকল্প আশ্রয়ের ব্যবস্থা না থাকায় পরিবারটি সেখানেই বসবাস করছিল।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

এদিকে টানা বর্ষণের কারণে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। প্রশাসন পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »