BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে একটি শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নাগরিকদের জন্য ইউনিভার্সেল কার্ড চালু, শিশুদের আনন্দময় শিক্ষা নিশ্চিত, তরুণদের দক্ষ করে তোলা এবং স্বচ্ছতা-জবাবদিহিতা ও বাকস্বাধীনতা নিশ্চিত করার কথা তুলে ধরেছেন তিনি। শনিবার ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশকে একটি শক্তিশালী ‘ইনভেস্টমেন্ট হাব’ বা বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। এবারের সম্মেলন ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের কার্ডের সমন্বয়ে দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি ইউনিভার্সেল কার্ড চালুর পরিকল্পনা করছে। এর মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সরকারি সুবিধা ও সেবাকে আরও সমন্বিতভাবে দেওয়ার লক্ষ্য রয়েছে।

শিক্ষাব্যবস্থা নিয়েও নিজের সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। শিশুদের জন্য আনন্দের সঙ্গে শিক্ষা নিশ্চিত করতে চান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার লক্ষ্য শুধু সার্টিফিকেট অর্জন নয়। শিক্ষার্থীদের ইউনিফর্ম, মিড ডে মিলসহ প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ADS Payra UP Election

তরুণদের দক্ষ ও যোগ্য করে তুলতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারেক রহমান। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বাকস্বাধীনতার ওপরও গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রেও সংলাপ, অংশীদারত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সমুদ্রবিষয়ক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বঙ্গোপসাগরীয় অঞ্চলকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার আহ্বান জানান তিনি।

এবারের ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ তিন দিনব্যাপী আন্তর্জাতিক আয়োজন। সিজিএসের আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত এই সম্মেলনে শতাধিক দেশের প্রায় ২০০ বক্তা, ৩০০-এর বেশি প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী যুক্ত হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে ভূরাজনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও যোগাযোগ, জলবায়ু, মানবনিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এবং মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারাসহ বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান, কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক ও বিশেষজ্ঞরা এতে অংশ নিচ্ছেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »