BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সোনাইমুড়ীতে হাইকোর্টের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মহামান্য হাইকোর্টের নির্দেশ ও স্থিতাবস্থা অমান্য করে মামলা চলমান সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। উপজেলার ৭ নম্বর বজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোটুভী গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী মো. আবুল হাসেম সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মোটুভী গ্রামের বাসিন্দা মো. আবুল হাসেমের (৫৯) সাথে তার ভাতিজা মো. মাসুদ (৪০) ও ওমর ফারুকের (৪১) দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ এই জমিটি নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি সিভিল রিভিশন মামলা (মামলা নম্বর ২৭৪২/২০১৩) চলমান রয়েছে। ২০১৩ সালের ১৯ জুন মহামান্য হাইকোর্ট বিবদমান জমির ওপর উভয় পক্ষের বিরুদ্ধে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন।

অভিযোগকারী আবুল হাসেম বলেন, বিবাদীরা আদালতের কোনো তোয়াক্কা করছেন না। হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ বহাল থাকা সত্ত্বেও বিবাদী মো. মাসুদ ও ওমর ফারুক অজ্ঞাতনামা আরও কয়েকজনকে সাথে নিয়ে নালিশি সম্পত্তির রূপ পরিবর্তন, মাটি কাটা, ঘর নির্মাণ এবং দেওয়াল নির্মাণের পাঁয়তারা ও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সোনাইমুড়ী থানাধীন ৭ নম্বর বজরার মোটুভী গ্রামের ২৬৫ মৌজার সাবের সি.এস ১৫২ এবং বর্তমানে ৫২ নম্বর খতিয়ানভুক্ত সাবের ৩৬৭, ৩৬৮, ৩৫৯ হালে ৭২৯, ৭২৮, ৭৩০ দাগের বাড়ি ও ভিটিসহ সর্বমোট ৮১ শতাংশ সম্পত্তি নিয়ে এই বিরোধের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী আবুল হাসেম আদালতের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে তার পৈতৃক ও খরিদা সম্পত্তি রক্ষার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিনে গিয়ে এ সব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সেখানে দেখা যায়, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইট ও বালু দিয়ে পাকা স্থাপনা নির্মাণ করছেন অভিযুক্ত মো. মাসুদ। এ সময় প্রতিবেদক হাইকোর্টের আদেশ অমান্য করার বিষয়ে জানতে চাইলে তিনি এসব মানতে বাধ্য নন বলে ক্ষুব্ধ আচরণ করেন। এমনকি স্থানীয় ইউপি সদস্য আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ বন্ধ রাখার অনুরোধ করলে তাকেও মুঠোফোনে অকথ্য ভাষায় অপমান করা হয়।

এ বিষয়ে সোনাইমুড়ী থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগটি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »