মল্লিক মাকসুদ আহমেদ, মির্জাগঞ্জ, প্রতিনিধি:
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের শিক্ষক, শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে পটুয়াখালীর মির্জাগঞ্জে স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে, ২০২৬) সকাল ১০:৩০ মিনিটে ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’ মির্জাগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এর পরপরই বেলা ১১টায় মির্জাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের মির্জাগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আফজাল হোসাইনের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি মাওলানা মো. মোহেবুল্লাহ।
লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগেও এই যুগান্তকারী প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশের শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধের জাগরণ এবং নিরক্ষরতা দূরীকরণে এই প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে সফলভাবে এই প্রকল্পের ৮ম পর্যায় চলমান রয়েছে। দীর্ঘ সময়ে এই প্রকল্পের আওতায় প্রথম থেকে সপ্তম পর্যায় পর্যন্ত প্রায় ৩ কোটি ৩৬ লাখের বেশি শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা হয়েছে, যা একটি বিরল সাফল্য।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে এই প্রকল্পে দেশজুড়ে প্রায় ৭১,৯৪৯ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী নিয়োজিত আছেন। তারা দীর্ঘদিন ধরে অত্যন্ত স্বল্প ভাতা ও চাকরি স্থায়ীকরণের এক অনিশ্চিত অবস্থায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। শিক্ষাদানের পাশাপাশি তারা সরকারি তহবিলে যাকাত সংগ্রহ, মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং সরকারের বিভিন্ন টিকাদান কর্মসূচি বাস্তবায়নে প্রশংসনীয় ভূমিকা রাখছেন। অথচ আজ তাদের জীবন সামাজিক নিরাপত্তা হীনতায় ও অবমূল্যায়িত অবস্থায় কাটছে।
সংবাদ সম্মেলন থেকে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের পক্ষ থেকে সরকারের নিকট প্রধান ৩টি দাবি তুলে ধরা হয়— এই মহৎ ও যুগান্তকারী প্রকল্পটিকে দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর করা হোক; সকল শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট জনবলকে সরকারি গ্রেডে বেতন-ভাতা প্রদান করা হোক এবং তাদের চাকরির স্থায়িত্ব নিশ্চিতকরণের মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হোক।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, সংবাদমাধ্যমের কর্মীগণ তাদের এই ন্যায়সংগত ও যৌক্তিক দাবি দেশের সর্বস্তরের মানুষের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করবেন। তারা অবিলম্বে সংশ্লিষ্ট সকল মহলকে এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর আহ্বান জানান।
স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলনে
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সহ-সভাপতি : মাও. মো: মোশাররফ হোসেন, উপজেলা পরিষদ বাইতুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মো: আ: রশিদ আহমদ সহ উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।