নেত্রকোনার বারহাট্টায় মুদির দোকানের ভেতর জুয়া খেলার অভিযোগে তিনবারের এক ইউপি সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে আরও একজন ইউপি সদস্য রয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হরিয়াতলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—আসমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিনবারের ইউপি সদস্য মো. লিটন মিয়া, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. এমদাদুল হক হীরা, মো. একদিল মিয়া, মো. সাব্বির আহমেদ ও হিরেন্দ্র চন্দ্র বিশ্বশর্মা।
পুলিশ জানায়, বুধবার রাতে হরিয়াতলা গ্রামে জুয়া খেলা চলছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মো. সাব্বির আহমেদের মুদির দোকানের ভেতর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ পাঁচজনকে আটক করা হয়।
পুলিশের দাবি, জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়েছে। পরে গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, ‘গতরাতে হরিয়াতলা গ্রাম থেকে দুই মেম্বারসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আজ তাদের নামে জুয়া প্রতিরোধ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।’
