সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার (১৫ আগস্ট)। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুর পর এটাই তার প্রথম জন্মদিন।
জন্মদিন উপলক্ষে এবারও কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন না করে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি নিয়েছে বিএনপি।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয়ভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও স্থানীয় পর্যায়ে দলীয় কার্যালয় অথবা মসজিদে অনুরূপ কর্মসূচি পালন করা হবে।
স্বামী ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন খালেদা জিয়া। ১৯৮৪ সালে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন।
এরপর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরবর্তী সময়ে আরও দুই দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি দুইবার সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্বও পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে কারাবাস ও নানা প্রতিকূলতার মুখোমুখি হন খালেদা জিয়া। ২০০৭ সালে গ্রেপ্তার হয়ে ২০০৮ সাল পর্যন্ত কারাগারে ছিলেন। ২০১৮ সালে দুর্নীতির মামলায় কারাবন্দি হওয়ার পর অসুস্থতার কারণে ২০২০ সালে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন তিনি স্থায়ীভাবে মুক্তি পান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তিনি মারা যান। পরদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ বিকেলে রাজধানীর ঢাকা-১৭ আসনের মহাখালী কড়াইল বস্তি এলাকার টিঅ্যান্ডটি মাঠে দরিদ্র ও অসহায়দের মধ্যে অনুদান বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।
এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। বগুড়ার শিবগঞ্জেও জন্মদিন উপলক্ষে তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খালেদা জিয়ার জন্মদিন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে আবেগ থাকলেও এবার তার মৃত্যুর পর প্রথম জন্মদিন হওয়ায় কর্মসূচিগুলো মূলত তার রুহের মাগফিরাত কামনা ও স্মরণকে কেন্দ্র করেই পালিত হচ্ছে।
