BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সোমালিয়ায় জিম্মি ট্যাংকারে ৫ নাবিক নিহত, ১৬ সন্দেহভাজন জলদস্যু আটক!

সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি হওয়া একটি তেলবাহী ট্যাংকারে পাঁচ নাবিক নিহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে জাহাজটি উদ্ধার এবং ১৬ সন্দেহভাজন জলদস্যুকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সোমালিয়ার কর্তৃপক্ষ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সোমালিয়ার কর্মকর্তারা জানান, পালাউয়ের পতাকাবাহী এমটি অনার ২৫ ট্যাংকারে পাঁচ নাবিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পাকিস্তানের, একজন মিয়ানমারের এবং একজন ভারতের নাগরিক।

সোমালিয়ার তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২১ এপ্রিল সোমালিয়ার উপকূল থেকে জলদস্যুরা ট্যাংকারটি জিম্মি করে। জাহাজটিতে প্রায় ১৮ হাজার ৫০০ ব্যারেল তেল ছিল। উদ্ধার অভিযান শুরুর আগেই জলদস্যুরা পাঁচ নাবিককে হত্যা করে। এ ঘটনায় আরও চার নাবিক আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন পাকিস্তানি এবং একজন ভারতীয় নাগরিক।

কেনিয়ায় ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় নাবিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে, জাহাজে থাকা অন্য ভারতীয় নাবিকরা নিরাপদে আছেন। সম্প্রতি উদ্ধার হওয়া এমটি সিবু ১ ও এমটি ইউরেকা জাহাজের ভারতীয় নাবিকরাও নিরাপদে রয়েছেন।

পান্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্স জানিয়েছে, এমটি অনার ২৫ বর্তমানে নিরাপদে রয়েছে এবং সরকারের নিয়ন্ত্রণে আছে। জাহাজ ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।

এক দশকেরও বেশি সময় পর সোমালিয়ার জলদস্যুদের হাতে এমন প্রাণহানির ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে দেশটির উপকূলে জলদস্যু তৎপরতা আবারও বেড়েছে। কিছু বিশেষজ্ঞের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনার প্রভাবও এর পেছনে থাকতে পারে।

গত সপ্তাহে আরেকটি অভিযানে পান্টল্যান্ডের মেরিটাইম পুলিশ এমটি সিবু ১ নামের আরেকটি ট্যাংকার উদ্ধার করে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা ওই জাহাজটি আগস্টে জলদস্যুরা জিম্মি করেছিল।

সূত্র: আল জাজিরা

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »