মেহেদী হাসান শান্ত,

পটুয়াখালীর দুমকিতে অপহরণের ৮ ঘণ্টার মধ্যে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাহজামাল (৪২) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (০২ অক্টোবর) বিকেল সাড়ে চার টায় দুমকি থানাব্রীজ সংলগ্ন গোলাম সরোয়ার হাফিজী ও নূরানী মাদ্রাসা এলাকার ভাড়া বাসা থেকে শিশুটিকে অপহরণের অভিযোগ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শাহজামাল (৪১) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। তিনি সৌদি আরব প্রবাসী ৩ মাস আগে তিনি দেশে ফিরেছেন। দীর্ঘ ৪ বছর ধরে ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগী শিশুটির বাবা-মায়ের সাথে বন্ধুত্ব গড়ে তোলে। বন্ধুত্বের সূত্র ধরেই গত (২৬ সেপ্টেম্বর) কুয়াকাটা যাওয়ার কথা বলে সে ওই পরিবারের বাসায় বেড়াতে আসে এবং তার বাবাকে একটি স্মার্টফোন উপহার দেন । শুক্রবার (২আগষ্ট) বিকেলে শিশুটিকে খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাসা থেকে কৌশলে বের করে নিয়ে যায়। এ সময় বাসায় থাকা উপহারের স্মার্টফোনও নিয়ে যায় সে।
ঘটনার পর শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে দুমকি থানায় সহযোগিতা চাইলে পুলিশ অভিযোগ আমলে নিয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন তাৎক্ষণিক ভাবে উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে তৎপরতা শুরু করেন। লেবুখালী টোল প্লাজার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সকল বাসের সুপারভাইজার দের সাথে যোগাযোগ করে জানতে পারে শিশুটিকে নিয়ে আসামি চট্টগ্রামগামী আলিফ পরিবহনের একটি বাসে ঢাকার দিকে যাচ্ছে।
পরে দুমকি থানা পুলিশের তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় এসআরবি-১০ এর একটি চৌকস দলের সহযোগিতায় অভিযান চালানো হয়। রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে চট্টগ্রামগামী আলিফ পরিবহনের ওই বাসটি আটক করে ভিকটিম শিশুটিকে উদ্ধার ও আসামিকে আটক করা হয়।
পরে দুমকি থানার একটি টিম গিয়ে আসামিকে গ্রেফতার করে দুমকিতে নিয়ে আসে।
ভুক্তভোগীর পরিবার তার মেয়েকে ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসামীর উপযুক্ত শাস্তি দাবি করেন।
পুলিশ সূত্রে জানাযায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ জামাল অপহরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে মামলার তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা সহযোগী জড়িত আছে কি না, তা খতিয়ে দেখে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৫)-এর ৭/৩০ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
