BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

রাজারহাটে বিক্ষোভের মুখে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ!

শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীহাট সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের পাঁয়তারার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে আজ রবিবার (৪ অক্টোবর) মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা এবং সচেতন ছাত্রসমাজ। একপর্যায়ে বিক্ষোভকারীদের দাবির মুখে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন।

আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসা মাঠে এই কর্মসূচি শুরু হয়। পরে তা বিক্ষোভে রূপ নেয়। কর্মসূচিতে বক্তারা মাদ্রাসার চারটি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবি জানান। একই সঙ্গে নিয়োগ পরীক্ষা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষার মানবণ্টনসহ প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে প্রকাশের দাবি জানানো হয়।

স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসাটিতে ল্যাব সহকারী, নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদে নিয়োগকে কেন্দ্র করে ৫০ লাখ টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগ দেওয়ার পাঁয়তারা চলছে বলে তাদের দাবি। এ অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ এবং পরিচালনা কমিটি বিলুপ্ত বা পুনর্গঠনের দাবি জানান। পাশাপাশি বর্তমান কমিটির কোনো সদস্যকে ভবিষ্যতে নতুন কমিটিতে না রাখার দাবিও তোলেন তারা।

কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও ফলাফল উন্নয়ন নিয়েও বিভিন্ন দাবি জানানো হয়। নিয়মিত পাঠদান ও শিক্ষকদের দায়িত্বশীলতা নিশ্চিত করা, পরীক্ষার প্রশ্নপত্র যথাযথ উপায়ে প্রণয়ন করা, প্রশ্নফাঁস বা পরীক্ষার আগে প্রশ্নের বিষয়বস্তু শিক্ষার্থীদের জানিয়ে দেওয়ার মতো অনিয়ম বন্ধ করা এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়ক কর্মসূচি চালুর দাবি জানান বক্তারা। একই সঙ্গে শিক্ষকদের কর্মদক্ষতা মূল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন এবং শিক্ষার্থীদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবিও জানানো হয়।

ADS Payra UP Election

বক্তারা দাবি করেন, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় এই মাদ্রাসা থেকে ১৪ জন শিক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে মাত্র তিনজন উত্তীর্ণ হয়েছে। তাদের হিসাবে পাসের হার মাত্র ২১ দশমিক ৪৩ শতাংশ।

বিক্ষোভ চলাকালে নিয়োগ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ তুলে মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি (টিআর) মিজানুর রহমান সাজুর ওপরও ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। পরে তাদের দাবির মুখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান পদত্যাগপত্র জমা দেন।

তবে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারার অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান। তিনি বলেন, "কয়েক দিন আগে তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, কিন্তু পরিচালনা কমিটি তা গ্রহণ করেনি। এবার এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি বিক্ষোভকারীদের সামনে স্বেচ্ছায় পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন।"

এলাকাবাসীর পক্ষে এবং প্রাক্তন ছাত্র সালমান ফারসির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. মাইদুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য মো. দুলাল সরকার এবং প্রাক্তন ছাত্র সালমান ফারসিসহ স্থানীয়রা বক্তব্য দেন।

এ ঘটনায় মাদ্রাসাটিতে নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে বিষয়টি রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারহান জাহিদের নজরে এলে তিনি আগামী ৫ অক্টোবর তার কার্যালয়ে সবাইকে নিয়ে বসার আশ্বাস দিয়েছেন।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »