ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ধামরাই ও সাভার থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭ বোতল ফেয়ারডিলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল রবিবার (৩ অক্টোবর) রাতে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানটি গত রবিবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকায় পরিচালনা করেন এসআই শেখ মো. মাসুদ আল মামুন। সেখান থেকে ২০০ পিস ইয়াবাসহ মো. নাহিদ (২০), মো. শাকিল (২২) এবং মো. আল আমিন (২২) নামের তিনজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ২০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
গ্রেফতারকৃত মো. নাহিদ ধামরাইয়ের ডাউটিয়া পশ্চিমপাড়া এলাকার মো. আমজাদ খান ও মোসা. শাহানাজ আক্তারের ছেলে; মো. শাকিল একই উপজেলার দেপাশাই এলাকার মো. দুলাল ও আনোয়ারার বেগমের ছেলে এবং মো. আল আমিন দেপাশাই এলাকার মো. কামরুজ্জামান ও রহিমা খাতুনের ছেলে।

অপরদিকে, একই দিন রাত ১০টা ৩০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন সিঅ্যান্ডবি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন এসআই মো. শাহাদাৎ হোসেন। সেখান থেকে ৭ বোতল ফেয়ারডিলসহ (৭০০ মিলি) তিনজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ফেয়ারডিলের আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন সাভারের কলমা উত্তরপাড়া এলাকার মৃত আব্দুল আলী ও মৃত রাবেয়া বেগমের ছেলে রতন (৩০); দেওগাঁ পূর্বপাড়া এলাকার মৃত বিল্লাল হোসেন ও মোসা. বিলকিস বেগমের ছেলে জুয়েল ইসলাম ওরফে নিলয় (৩০); এবং একই এলাকার মো. বাচ্চু গাজী ও সালেহা বেগমের ছেলে মো. আবুল কালাম গাজী ওরফে নয়ন (৩৪)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ৫ নম্বর আসামি জুয়েল ইসলাম ওরফে নিলয়ের বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা এবং একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ রবিবার (৪ অক্টোবর) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
