খুলনায় ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে হেযবুত তওহীদের নারী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় খুলনা জেলা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে সংগঠনটির খুলনা জেলা নারী বিভাগের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। খুলনা জেলা নারী সম্পাদক মাসরুরা লিপার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় নারী সম্পাদক জেরিন সাইয়ারা, খুলনা পাইওনিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন আক্তার এবং যশোর জেলা নারী সম্পাদক ফারহানা আক্তার ইলা।
প্রধান অতিথির বক্তব্যে রুফায়দাহ পন্নী বলেন, আরবের জাহেলি যুগে নারীদের কোনো অধিকার ও সম্মান ছিল না। ইসলাম নারীদের মর্যাদা ও সম্মান ফিরিয়ে দিয়েছিল। কিন্তু বর্তমানে মানবসৃষ্ট বিধান অনুসরণের ফলে বিশ্বজুড়ে নারীরা তাদের অধিকার, সম্মান ও নিরাপত্তা হারিয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই একমাত্র সমাধান।

তিনি আরও বলেন, মানবসৃষ্ট কোনো ব্যবস্থা নারীর প্রকৃত সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে পারেনি, পারবেও না। আল্লাহর হুকুম ও তওহীদের ভিত্তিতে একটি আদর্শিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হলেই নারীদের মুক্তি সম্ভব।
হেযবুত তওহীদের নারী কর্মীদের উদ্দেশে রুফায়দাহ পন্নী বলেন, আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ পরিবর্তনে রাসুল (সা.) ও তাঁর সাহাবিরা সারাজীবন সংগ্রাম করেছেন। সেই সংগ্রামে নারী সাহাবিরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমান অন্ধকারাচ্ছন্ন যুগকে আলোকিত করতে হেযবুত তওহীদের নারী সদস্যদেরও নারী সাহাবিদের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।
এ সময় সম্মেলনে উপস্থিত নারী সদস্যরা মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠায় জীবন ও সম্পদ উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সময়ের আগেই খুলনা জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নারী সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পূর্ণ হয়ে যায়।
