BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দক্ষিণ আফ্রিকায় অ্যাসাইলাম আবেদন ঘিরে সহিংসতা, ৩ শহরে গাড়িতে আগুন ও লুটপাট!

দক্ষিণ আফ্রিকায় নতুন করে আশ্রয়প্রার্থীদের অ্যাসাইলাম আবেদন গ্রহণের প্রক্রিয়া চালু হওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির তিনটি শহরে অভিবাসনবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। এতে অন্তত ২৪টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে, পাশাপাশি বিদেশি নাগরিকদের মালিকানাধীন বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডারবান, জোহানেসবার্গের সোয়েটু এবং পোর্ট এলিজাবেথের গকেবেরহায় এসব ঘটনা ঘটে। আশ্রয়প্রার্থীদের আবেদন গ্রহণ বন্ধের দাবিতে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ শুরু করলে কয়েকটি এলাকায় বিদেশি নাগরিকদের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ডারবানে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। শহরের চে গুয়েভারা রোডে অবস্থিত রিফিউজি রিসেপশন সেন্টারের সামনে আশ্রয়প্রার্থীদের আবেদন গ্রহণ বন্ধের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরিস্থিতির অবনতি হওয়ায় কেন্দ্রটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে বিক্ষোভ শহরের কেন্দ্রীয় এলাকায় ছড়িয়ে পড়ে। সেখানে অন্তত ১৪টি যানবাহনে আগুন দেওয়া হয়। বিভিন্ন দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এ সময় এক বিক্ষোভকারীর ওপর হামলার অভিযোগে তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে, জোহানেসবার্গের সোয়েটুর অরল্যান্ডো ওয়েস্ট এলাকায় হোম অ্যাফেয়ার্স কার্যালয় বন্ধের দাবিতে মিছিল বের করেন স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে বিদেশি নাগরিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ ঘটনায় অন্তত ১০টি গাড়িতে আগুন দেওয়া হয় এবং বিভিন্ন দোকানে লুটপাট চালানো হয়। সংঘাতের সময় গুলির শব্দ শোনা গেলেও সেগুলোর উৎস নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, পোর্ট এলিজাবেথের গকেবেরহায় রিফিউজি অফিসে অস্থায়ী পারমিটের জন্য শত শত আশ্রয়প্রার্থী লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় প্রায় ৩০ জন বিক্ষোভকারী তাদের আবেদনপ্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ স্টান গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

ADS Payra UP Election

আবেদনপ্রক্রিয়া চালু হওয়ায় কেন ক্ষোভ?

দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের একটি রায়ের পর গত জুলাইয়ে দেশটির হোম অ্যাফেয়ার্স বিভাগ নতুন আবেদনকারীদের জন্য অ্যাসাইলাম আবেদনপ্রক্রিয়ায় প্রবেশের সুযোগ পুনরায় চালু করে। এর আগে বিভিন্ন প্রক্রিয়াগত শর্তের কারণে অনেক আশ্রয়প্রার্থী আবেদন করতে পারছিলেন না। আইনি জটিলতা দূর হওয়ার পর আবেদন গ্রহণ শুরু হলে বিভিন্ন অভ্যর্থনা কেন্দ্রে দীর্ঘ লাইন তৈরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে অভিবাসনবিরোধী গোষ্ঠী ও স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে।

তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাসাইলাম আবেদন করার সুযোগ পাওয়া মানেই কাউকে চূড়ান্তভাবে শরণার্থীর মর্যাদা দেওয়া কিংবা স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া নয়। প্রতিটি আবেদন আইন অনুযায়ী যাচাই-বাছাই করা হবে। একই সঙ্গে আদালতের রায়ের ফলে কোনো অবৈধ অভিবাসন স্বয়ংক্রিয়ভাবে বৈধ হয়ে যাবে না বলেও স্পষ্ট করেছে সরকার।

বিক্ষোভ ও সংঘর্ষের কারণে কয়েকটি এলাকায় স্বাভাবিক জনজীবন এবং যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডারবান ও সোয়েটুসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত পুলিশ ও জনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -