ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল আগামী ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম। তিনি আরও জানান, সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রমজানের আগে অনুষ্ঠিত হবে।
শুক্রবার পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
ইসি আনোয়ারুল বলেন, গণভোট সংসদ নির্বাচনের আগে হবে নাকি পরে, সে বিষয়টি এখনো নির্বাচন কমিশনের পর্যালোচনায় আসেনি। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হলে কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
তিনি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন:
- প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধন প্রক্রিয়া নভেম্বর থেকে শুরু হবে।
- কয়েদি আসামিদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতেও নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে।
- পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কি না, তা একটি রাজনৈতিক বিষয় এবং এ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে।
- নির্বাচনের কর্মপরিকল্পনা ইতোমধ্যে তৈরি করা হয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য মিডিয়ার সহযোগিতা কামনা করেন তিনি।