আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ, প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলাউদ্দিন মাসুদের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর তা অনলাইন থেকে সরিয়ে ফেলতে সংশ্লিষ্ট সাংবাদিক ও সম্পাদকের নিকট বিকাশে টাকা পাঠানোর গুরুতর অভিযোগ উঠেছিল। অবশেষে “দৈনিক পায়রা নিউজ”-এ সংবাদ প্রকাশের ধারাবাহিকতায় অভিযুক্ত সেই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নতুন কর্মকর্তা হিসেবে ডা. আমির উল ইসলাম সোহাগ যোগদান করেছেন।
গত সোমবার (১ জুন) উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন অনিয়ম ও কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে অনলাইন পোর্টাল ‘দৈনিক পায়রা নিউজ’-এর মির্জাগঞ্জ প্রতিনিধি মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পরই শুরু হয় তা ধামাচাপা দেওয়ার নানামুখী অপচেষ্টা।
প্রতিবেদন প্রকাশের দিন সন্ধ্যায় অভিযুক্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলাউদ্দিন মাসুদ দৈনিক পায়রা নিউজের সম্পাদক মাহমুদুল হাসান সুজনকে ফোন করে সংবাদটি পোর্টাল থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানান।
ফোনালাপে তিনি দাবি করেন, সংবাদটি ডিলিট না করা হলে তাঁকে বিভাগীয় ব্যবস্থা বা বদলির মুখে পড়তে হতে পারে। একপর্যায়ে নিজের আর্থিক অসচ্ছলতার কথা উল্লেখ করে তিনি সম্পাদক মাহমুদুল হাসান সুজনের বিকাশ নম্বর চান। সম্পাদক বিষয়টি এড়িয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ওই কর্মকর্তার ব্যক্তিগত নম্বর থেকে সম্পাদকের নম্বরে বিকাশে অর্থ পাঠানো হয়।
টাকা পাঠানোর সাথে সাথেই সম্পাদক মাহমুদুল হাসান সুজন এর কারণ জানতে চান এবং তাৎক্ষণিকভাবে সেই টাকা সংশ্লিষ্ট নম্বরে ফেরত পাঠিয়ে দেন। এ সময় অভিযুক্ত কর্মকর্তাকে পেশাদারিত্বের সাথে জবাব দিয়ে সম্পাদক স্পষ্ট জানিয়ে দেন, “আপনি ভুল জায়গায় নক করেছেন—প্রফেশনাল সাংবাদিকরা অন্যায়ের কাছে বিক্রি হন না।”
পরে টাকা পাঠানোর কারণ জানতে চাওয়া হলে ওই কর্মকর্তা জানান, টাকাগুলো “চা খাওয়ার জন্য ও সম্মানী হিসেবে” পাঠানো হয়েছিল।
এমন অনৈতিক কর্মকাণ্ড স্থানীয় সাংবাদিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করে।
বিষয়টি পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমানকে অবহিত করা হয় এবং এই সংক্রান্ত বুধবার (৩ জুলাই) আরো একটি প্রতিবেদন করা হয়।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং তাঁরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, “দৈনিক পায়রা নিউজ”-এ ধারাবাহিক সংবাদ প্রকাশিত হওয়ার পর সার্বিক বিষয় বিবেচনা করে গত বুধবার (১০ জুলাই) অভিযুক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলাউদ্দিন মাসুদকে বদলি করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হয়ে নতুন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান যোগদান করলেও ১২ জুলাই তিনি অন্যত্র বদলি হন। ১২ জুলাই থেকে (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডা.আমির উল ইসলাম খোকন।
এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বদলির বিষয়টি নিশ্চিত করে জানান, “সার্বিক বিষয় ও তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”
