বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই, আন্দোলন, সংগ্রাম ও প্রতিকূলতা পেরিয়ে বর্তমানে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম জন্মদিন উদ্যাপন করছেন তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীতে দোয়া, বিশেষ মোনাজাত ও এতিমদের মধ্যে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
১৯৬৫ সালের ২০ নভেম্বর সেনা কর্মকর্তা জিয়াউর রহমান ও গৃহবধূ বেগম খালেদা জিয়ার ঘরে জন্মগ্রহণ করেন তারেক রহমান। পরিবারের সদস্যদের কাছে তিনি ‘পিনু’ নামে পরিচিত ছিলেন। তার শৈশব কেটেছে দেশের রাজনৈতিক ও ঐতিহাসিক নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে। মহান মুক্তিযুদ্ধের সময় বাবার রণাঙ্গনে থাকা, মায়ের সঙ্গে নিরাপদ আশ্রয়ের সন্ধান এবং সেনা হেফাজতে থাকার মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে। স্বাধীনতার পর দেশ পুনর্গঠন, রাজনৈতিক অস্থিরতা এবং বাবার রাজনৈতিক জীবনের নানা ঘটনাও কাছ থেকে দেখেছেন তিনি। তবে কৈশোরেই বাবাকে হারানোর বেদনা সইতে হয় তাকে।
জিয়াউর রহমানের মৃত্যুর পর মা বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনৈতিক জীবনের নানা অধ্যায়ে যুক্ত ছিলেন তারেক রহমান। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিএনপির বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে ধীরে ধীরে সক্রিয় হয়ে ওঠেন তিনি। ২০০১ সালের পর দলীয় রাজনীতিতে তার সম্পৃক্ততা আরও বাড়ে। তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করা এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিএনপির সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন তিনি।
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। সে সময় কারাগারে তার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। পরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান তিনি। এরপর শুরু হয় তার দীর্ঘ প্রবাসজীবন। টানা ১৭ বছর দেশের বাইরে অবস্থান করেও বিএনপির নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন তিনি।
এই দীর্ঘ সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতির নানা পরিবর্তনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ, ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু এবং মা বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্বের মতো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় তাকে। এসব প্রতিকূলতার মধ্যেও দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান তারেক রহমান।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় বিদেশে অবস্থান করেই বিএনপির নেতাকর্মীদের সংগঠিত করা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার কিছুদিনের মধ্যেই মা বেগম খালেদা জিয়াকে হারান তিনি। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিয়ে বিপুল জনসমর্থন অর্জন করেন এবং সরকার গঠন করে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। বাদ জুমা জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বাড্ডার একটি এতিমখানায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণেরও আয়োজন করা হয়েছে।
